কলকাতায় বিজেপি কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে থাকার খবরে উচ্ছ্বাসে মেতেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সমর্থকেরা একে অপরকে রঙ মেখে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করছেন। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে, অন্যদিকে পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও একটি আসনে পুনঃভোটের সিদ্ধান্ত থাকায় আজ ২৯৩টি আসনের ফল প্রকাশ করা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসন।
প্রায় চার ঘণ্টার গণনা শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৬৭টি আসনে। তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮২টিতে। এছাড়া বিজিপিএম, সিপিআই (এম) ও এআইএসএফ একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে ভারতীয় কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শেষে ইভিএমে দেওয়া ভোট গণনা চলছে।
আজকের ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষমতার ভার কার হাতে থাকবে। তবে কিছু কেন্দ্রে চূড়ান্ত ফল পেতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।