বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। ৪১৯ জন হজযাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
শনিবার (১৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম হাজিদের স্বাগত জানান।
এসময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মোঃ রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউনসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে চলতি বছরের হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।