আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে এবং প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। পশ্চিমবঙ্গের মতো এই রাজ্যেও গণনার শুরুতেই এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে দলটির পক্ষে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২৬টি আসনের মধ্যে ৯৬টিতে এগিয়ে আছে বিজেপি ও তাদের মিত্ররা। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ২৬টি আসনে। এছাড়া এআইইউডিএফ ২টি এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন।
উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে মোট আসন সংখ্যা ১২৬টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬৪টি আসন। সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা চলছে।
গত ৯ এপ্রিল আসামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে ২৫৮ জন স্বতন্ত্র প্রার্থী।
একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসামে বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে দলটি।
চলমান গণনার ফলাফল অনুযায়ী, আবারও ক্ষমতায় ফেরার পথে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট।