দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চায়, যাতে তা সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনীতে পরিণত হয়। তিনি বলেন, “পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে সমৃদ্ধ, স্বনির্ভর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার পথে দেশ আরও এগিয়ে যাবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। সততা, মেধা ও দক্ষতাকেই নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তা অনেকটাই নির্ভর করে পুলিশের আচরণ ও ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে।”
এসময় জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
সভায় তিনি আরও বলেন, রূপপুর প্রকল্প, টানেল ও পদ্মা সেতু নির্মাণে অপ্রয়োজনীয় ব্যয় না হলে অন্যান্য ক্ষেত্রেও আরও উন্নত উদ্যোগ নেওয়া সম্ভব হতো।