পাটুরিয়ায় অবৈধ মাটি উত্তোলন, বাড়ছে নদীভাঙনের আশঙ্কা

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের পাটুরিয়া ঘাটের পার্শবর্তী এলাকার নদীতীরবর্তী জমিতে অবৈধ ভাবে মাটি কাটছে একটি অসাধু চক্র।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন নদীর তীরে অবৈধভাবে মাটি কেটে ও বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে শিবালয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব মিয়াজী তার সন্তান রিপন মিয়াজী ও ভাতিজা তানভীরের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা নদীর তীরবর্তী এলাকা থেকে নিয়মনীতি উপেক্ষা করে মাটি কেটে ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, পাটুরিয়া ঘাটের নদীর তীরের মাটি অবৈধভাবে উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে একটি চক্র এ অবৈধ মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি চোখে পড়ছে না।
অভিযোগ রয়েছে, রিপন মিয়াজী ও তানভীর প্রকাশ্যেই নদীর তীর কেটে মাটি সরিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করছেন, যার ভিডিওচিত্রও স্থানীয়দের হাতে রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, নদীর তীর কেটে এ ধরনের অবৈধ মাটি ব্যবসা শুধু পরিবেশবিধির লঙ্ঘন নয়, এটি ভবিষ্যতে ভয়াবহ নদীভাঙন ও জনদুর্ভোগের কারণ হতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী মানিকগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিবালয় থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।
অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িত বিএনপি নেতা আইয়ুব মিয়াজী বলেন, “আমার জায়গায় আমি কাটছি এ ক্ষেত্রে কারো অনুমতি নেইনাই। আমি বালির বেড করবো। ” এই চক্রের আরেক সদস্য তারভীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারভীন বলেন, ” আমাদের নিজেদের জমি আমরা কাটতেছি। এতোদিনও তো অন্যরা মাটি কাটছে এখন আমরা কাটতেছি, কেউ না কেউ কাটবেই। ” মাটি কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে তানভীর প্রতিবেদককে জানায়, ” আপনি কোথায় আছেন? আমি দেখা করে কথা বলবো। ”
এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূৃমি) জান্নাতুল নাইম বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জেনে অবশ্যই অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো”।
এলাকাবাসীর প্রশ্ন—
“নদীর তীর কেটে প্রকাশ্যে অবৈধ মাটি ব্যবসা চললেও প্রশাসন কি দেখছে না?”
বর্তমানে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পাটুরিয়া ঘাটের পার্শবর্তী এলাকা ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *