কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে অবস্থিত ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। বাংলাদেশি প্রবাসী এবং কানাডিয়ান স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল মো. শাহ্ আলম খোকন।
সকালে কনসাল জেনারেল মিশনের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
পরবর্তীতে কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল মো. শাহ্ আলম খোকন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন একটি সমৃদ্ধ দেশ গঠনে অর্থবহ অবদান রাখবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি এবং টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।