বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি বাংলাদেশ ব্যাংক–এ উপস্থিত হলে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকেই গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য শর্ত ও সুবিধাদি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণ, মুদ্রানীতি বাস্তবায়ন এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।