সান্তিয়াগো বার্নাব্যুতে নকআউট প্লে অফের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ এসেছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে সম্পর্কে।
ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, এমবাপে গতকাল (মঙ্গলবার) ট্রেনিং শেষ করতে পারেননি। বাঁ পায়ে প্রচণ্ড ব্যথার কারণে তিনি অনুশীলন থেকে সরে দাঁড়ান এবং বিকেলে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাথমিক রিপোর্ট বলছে, বেনফিকার ম্যাচে তাকে মাঠে দেখা অসম্ভব বলে মনে হচ্ছে।
গত ডিসেম্বরে হাঁটুর চোটে আহত হওয়া এমবাপে পুরোপুরি সেরে উঠতে পারেননি। নতুন কোচ আলভারো আরবেলোয়া আসার পর থেকে তিনি ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন। লেকিপ জানিয়েছে, শুধু বেনফিকা ম্যাচ নয়, আগামী লা লিগার ম্যাচগুলো—গেতাফে এবং সেল্তা ভিগোর বিপক্ষে—তেও এমবাপে অনুপস্থিত থাকবেন। শেষ ষোলোতে রিয়াল উঠলেও তার খেলা অনিশ্চিত।
এমবাপে ট্রেনিং থেকে সরে দাঁড়ানোর পরও কোচ আরবেলোয়া সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে দলে রাখতে চায় ক্লাব। তবে বিশ্বকাপ ঘনিয়ে আসায় শরীরের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অন্তত আগামী ১০ দিন বিশ্রামে থাকবেন এবং তিনটি ম্যাচ খেলবেন না।