বিয়ে করলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সিমরিন লুবাবা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা—দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

তার এই ঘোষণার পরপরই ভক্ত ও নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

তবে পোস্টে শেয়ার করা ছবিতে বর-কনের চেহারা স্পষ্ট নয়। জীবনসঙ্গীর পরিচয় সম্পর্কেও কোনো তথ্য দেননি লুবাবা। ফলে পাত্রকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যমে তাকে বিদেশপ্রবাসী বা আলেম বলা হলেও এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই পরিচিতি পান সিমরিন লুবাবা। মাত্র ৪ বছর বয়সে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে তার মিডিয়া ক্যারিয়ার শুরু হয়। এরপর একাধিক বিজ্ঞাপন, গান ও চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করেন।

তার গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়। পাশাপাশি ‘দ্য স্টোরি অফ অ্যা রক’ (২০২৪) ও ‘ছায়া’ (২০২৫) সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি।

গত বছরের শেষ দিকে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুবাবা। পরে জানা যায়, তিনি ধর্মীয় অনুশীলনের দিকে মনোযোগী হতে চান এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনতে চান।

বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই সাবেক শিশুশিল্পী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *