ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।
অভিযান চলাকালে মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালক ইউএনওকে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাহেন্দ্র স্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট ও বাস টার্মিনালে দায়িত্ব পালনকালে বাসের দুই যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হয়। পরে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। একই সঙ্গে মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই চালককে জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগে দুই চালককে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং ঘাট এলাকায় কোনো ধরনের ভোগান্তি এড়াতে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।












