যুক্তরাষ্ট্র সফরকালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) ওয়াশিংটন ডিসি-তে মার্কিন পররাষ্ট্র দফতর-এ অনুষ্ঠিত “Fostering the Future Together Global Coalition Summit”-এ অংশ নিয়ে তিনি বলেন, এআই প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেন তিনি।
দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিশুদের ভবিষ্যৎ দক্ষতা অর্জনে এখন থেকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সম্মেলনে বিশ্বের প্রায় ৪৫টি দেশের সরকারপ্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান ও সমমর্যাদার প্রতিনিধিদের সঙ্গে যোগ দেন ডা. জুবাইদা রহমান। নিজের বক্তব্যে তিনি উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দেশের বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি গঠনে কাজ করছে, যেখানে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. জুবাইদা রহমানের বক্তব্যে এআই-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও সমাজব্যবস্থায় টেকসই উন্নয়নের একটি স্পষ্ট দিকনির্দেশনা উঠে আসে।