৫০০ টাকার বিরোধে বৃদ্ধাকে হত্যা, খড়ের নিচে মিলল মরদেহ

ময়মনসিংহে মাত্র ৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মো. রনি মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি কোতোয়ালী থানা এলাকার মীরকান্দাপাড়া গ্রামে নূরজাহান (৬০) নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়। তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

গ্রেপ্তার রনি মিয়া একই এলাকার বাসিন্দা এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। তিনি মাঝে মাঝে তার প্রেমিকাকে নিয়ে নূরজাহানের বাড়িতে থাকতেন এবং এর জন্য ৫০০ টাকা করে ভাড়া দিতেন। সর্বশেষ ভাড়া পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

তদন্তে জানা গেছে, ঘটনার রাতে রনি মিয়া নূরজাহানের বাড়িতে গিয়ে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে নূরজাহান বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে তিনি হত্যার পরিকল্পনা করেন।

পরে ঘরে থাকা শিল দিয়ে নূরজাহানের মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ রান্নাঘরের পাশে খড়ের নিচে লুকিয়ে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান অভিযুক্ত।

ঘটনার দুইদিন পর, ৩০ জানুয়ারি রাতে স্বজনরা বাড়ির পাশ থেকে খড়ের নিচে লুকানো অবস্থায় মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার পেয়ে পিবিআইয়ের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত শনিবার (২ মে) ভোরে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রনি মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অল্প টাকার বিরোধে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় দ্রুত রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *