বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর নতুন চেয়ারম্যান হলেন ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন।

ঢাকার সার্কিট হাউস রোডে ট্রাস্টের বোর্ড সভায় মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাপ্রত্যাশী ও সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা দেন। তিনি বলেন, ট্রাস্টের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যভিত্তিক ব্যবস্থাপনা জরুরি।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, সদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি জনবল নিয়োগ, যানবাহন সুবিধা ও নিজস্ব ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বৃহৎ সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে জনগণ ও সংবাদমাধ্যমের অবদান অনস্বীকার্য। গণমাধ্যম নৈতিক সমর্থন দিয়ে জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, তথ্যই শক্তি—ডাটাবেইজ থেকেই তৈরি হয় তথ্য, আর সাংবাদিকদের মাধ্যমেই সেই তথ্য জনগণের কাছে পৌঁছে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ নির্বাচনি এলাকায় প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ ও সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের অঙ্গীকার করেন। তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

সচিব মাহবুবা ফারজানা প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *