দীর্ঘ ১৮ মাসের কার্যক্রম শেষে বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড পেজে দেওয়া এক বিদায়ী বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে জানানো হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনসংযোগ ও সরকারি বার্তা প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা ৪৪ লাখের বেশি।
বিদায়ী বার্তায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাসের যাত্রায় সবার সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। সমর্থন, সমালোচনা ও গঠনমূলক মতামত এই পথচলাকে সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন-এর পরিচালনায় প্রথমে বিএনপির সংসদ সদস্যরা এবং পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন।
অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি এবং নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা হলো।