ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। সে অনুযায়ী ১২ মার্চ তারিখ নির্ধারণ হয়েছে। তিনি আরও জানান, অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।
রাজধানীর আদাবর এলাকায় একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।