যশোরে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন উন্নয়ন ও সামাজিক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, শহর ও গ্রামের মা-বোনদের রান্নার কষ্ট লাঘব করতে ভবিষ্যতে এলপিজি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) যশোরে অনুষ্ঠিত উলশী খাল পুনঃখনন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের নারী সমাজকে রান্নার গ্যাস সহজলভ্য করার জন্য এলপিজি কার্ড বিতরণ করা হবে, যা সারাদেশের মা-বোনদের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা উলশী খাল পুনরায় খনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবে। খালে পানি ফিরলে কৃষকরা সেচ সুবিধা পাবে এবং হাঁস পালনের মতো গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমও আবার সচল হবে বলে তিনি মন্তব্য করেন।
নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষায় অগ্রগতি হয়েছিল এবং ভবিষ্যতে মেয়েদের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বিরোধীদের সমালোচনা করে তারেক রহমান বলেন, গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগকে সফল করতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।