আজ বিশ্ব মা দিবস। প্রতি বছরের মতো মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে নানা আয়োজনে। মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে সামাজিক মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন তারকারাও। সেই তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।
মাতৃত্বের বিশেষ এই দিনে দুই সন্তানকে নিয়ে আবেগঘন একটি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। বর্তমানে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই তার ব্যস্ততা ও রঙিন সংসার।
সামাজিক মাধ্যমে সক্রিয় পরীমনি প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। বিশ্ব মা দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, দুই সন্তানকে পাশে নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসায় ভরে যায়। অনেকেই তাকে দায়িত্বশীল ও স্নেহময়ী মা হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সময় কাটছে পরীমনির। জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও মাতৃত্বকে আনন্দ ও গর্বের সঙ্গে উপভোগ করছেন এই অভিনেত্রী।