রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হল -এ ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী সরাসরি হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন। এর মাধ্যমে সৃজনশীল নির্মাতা ও শিল্পীদের অনুপ্রাণিত করার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় রয়েছে হৈচৈ স্টুডিওস ; সার্বিক সহযোগিতায় ছিল দোপে প্রোডাকসন্স ।
চলচ্চিত্রটির গল্প নেওয়া হয়েছে প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী এবং শামীমা নাজনীন।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের চলচ্চিত্র শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দর্শকদের হলে আসার আগ্রহ আরও বাড়াবে।