ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে তাহমিনা ডেনিম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান-সহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন— কোম্পানিটির চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজোয়ান মোমিনুল হক, উপ-মহাব্যবস্থাপক সিগার আহমেদ, সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান এবং চিফ সার্ভেয়ার জসিমউদ্দিন চৌধুরী।
এছাড়া বেসিক ব্যাংক লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফখরুল ইসলাম, সুবাশিষ বোস, নিলুফার আহমেদ, ড. কাজী আক্তার হোসাইন, মো. আনোয়ারুল ইসলাম এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক একে এম সাজেদুর রহমান-এর নামও রয়েছে।
দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা বিষাণ ঘোষ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বেসিক ব্যাংক লিমিটেড থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে অভিযুক্ত।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১২ জুন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্ত চলাকালে গোপন সূত্রে জানা যায়, মামলার আসামিরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্তে বিঘ্ন ঘটতে পারে—এই আশঙ্কা থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।
আদালত আবেদনটি আমলে নিয়ে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।