জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী -কে জামিন দেওয়ার সিদ্ধান্তটি ভালো হয়েছে বলে তিনি মনে করেন। বিচার বিভাগ নিশ্চয়ই প্রয়োজনীয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘রিফাউন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার স্পষ্ট ধারণা নেই। তিনি জানান, দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর পর দলীয় রাজনীতি নিয়ে তেমনভাবে সম্পৃক্ত নন। তবে দেশে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করেন তিনি।
স্পিকার বলেন, গত দুই দশকে দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। তার মতে, উন্নয়নের জন্য গণতান্ত্রিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, দেশের জনগণ গণতন্ত্রমনা এবং তারা স্বৈরশাসন মেনে নেয় না। নানা প্রতিকূলতা ও নির্যাতন উপেক্ষা করে জনগণ রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও দৃষ্টি আকর্ষণ করেছে।
মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। অতীতের গুম, খুন ও নির্যাতনের সময় পেরিয়ে দেশ এখন নতুন বাস্তবতায় এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তারিক রহমান -এর নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হওয়া উচিত। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে যেন হয়রানির শিকার না হতে হয়—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।