17/10/2026

মোহাম্মদপুরে ইফতারের পর বাসায় গ্রিল কেটে চুরি

0
fu

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইফতারের পর বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের ৩ নম্বর রোডের ১৬৩/বি২ নম্বর নারগিস ভিলা নামে একটি ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ জানান, বৃহস্পতিবার ইফতারের পর তিনি ও তার স্ত্রী প্রায় এক থেকে দেড় ঘণ্টার জন্য বাইরে যান। ফিরে এসে দেখেন বাসার দরজার তালা খুলছে না। পরে দারোয়ান ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পান পুরো বাসা তছনছ করা হয়েছে।

তিনি জানান, বাসা থেকে তার ও তার স্ত্রীর প্রায় ছয় থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তাদের কোনো গৃহকর্মী নেই এবং তিনি মনে করছেন, চোর আগে থেকেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, বাসার গ্রিল কেটে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীরা বাসা থেকে বের হওয়ার সুযোগে চোরেরা ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

তিনি আরও জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিস্তারিত তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *