ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ রাজধানীর চন্দ্রিমা উদ্যান–এ অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী।
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে দখলমুক্ত করার সংগ্রাম পরিচালিত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্পিকার আরও বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোটে বিজয়ী করেছে, যা দেশের গণতান্ত্রিক পথকে আরও সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে তিনি ও ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।