বিশ্বকাপের বছরে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ছাপ রাখতে পারলেন না Lionel Messi। এমএলএস কাপ ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট খেল Inter Miami CF। শনিবার লস অ্যাঞ্জেলসের এলএ কলিসিয়ামে Los Angeles FC–এর কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।
এমএলএসের দুই উজ্জ্বল নক্ষত্রের লড়াই দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ৬৭৩ দর্শক—যা লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এই ম্যাচে মেসিকে ছাপিয়ে আলো কেড়ে নেন এলএএফসির তারকা Son Heung-min।
৩৭তম মিনিটে ম্যাচের প্রথম গোলে ডেভিড মার্তিনেজকে সহায়তা করেন সন। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও মায়ামি বড় ধাক্কা খায় দ্বিতীয় গোল হজম করে। মাঝমাঠ থেকে লম্বা পাস দেন টিমোথি টিলমান। নতুন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার পেনাল্টি এরিয়ার বাইরে থাকায় সুযোগ কাজে লাগান Denis Bouanga—ঘুরিয়ে বল পাঠান খালি জালে।
সন উষ্ণ অভ্যর্থনায় মাঠ ছাড়ার পর তার বদলি নাথান ওরদাজ স্টপেজ টাইমে তৃতীয় গোল করেন, বোয়াঙ্গার ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
মেসির সেরা সুযোগটি আসে প্রথমার্ধের স্টপেজ টাইমে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার উঁচু শট লক্ষ্যচ্যুত হয়। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফেরেন তিনি।
নতুন চেহারার মায়ামি দলে আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন মেসি। দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুশকেটস অবসর নেওয়ায় দলটি পুনর্গঠনের পথে। কোচ Javier Mascherano শুরুর একাদশে তিন অভিষিক্তকে জায়গা দেন। মেক্সিকোর জার্মান বার্টারেম খেলেন মেসির পাশে, ব্রাজিলিয়ান মিকায়েল ছিলেন রক্ষণে এবং আর্জেন্টাইন ফুলব্যাক ফাকুন্দো মুরাও অভিষেক করেন।
শিরোপা রক্ষার অভিযানে শুরুতেই এমন হার মায়ামির জন্য সতর্কবার্তা হয়ে থাকল।