স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে সরকার পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতের মাধ্যমে অফার করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে এবং ঐক্যমতের ভিত্তিতে এটি স্বাক্ষরিত হয়েছে। এজন্য প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতের মাধ্যমে অফার করা হয়েছে যাতে তারা ডেপুটি স্পিকার নির্বাচন করতে পারেন। স্পিকার নির্বাচনের দিনেই ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদের বিধান অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। এই বিষয়টি গুড উইল হিসেবে এখনই অফার করা হয়েছে।