চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কমিটির মুখোমুখি হয়েছেন। বিষয়টি তদন্ত কমিটির একজন সদস্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশে ফেরার আগেই তিনি লিখিতভাবে তদন্ত কমিটিকে নিজের বক্তব্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবেই এগোচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হবে।
এর আগে গত শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির সামনে হাজির হন। পরদিন রোববার কমিটি বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ-এর সঙ্গেও কথা বলে।
তদন্ত শেষে গণমাধ্যমকে ফারুক আহমেদ জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় কারচুপির সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন এবং তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার দাবি, প্রতিপক্ষ না থাকায় নির্বাচনে কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ ছিল না এবং ভোট প্রক্রিয়াও সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী আরও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে এবং পুরো প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।