জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা একটি চুক্তি। জনগণ নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে গণতান্ত্রিক সরকার হিসেবে সেই ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিয়াম প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। নতুন ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতিফলন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন ভবনটি প্রশাসনিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জ্ঞানচর্চা, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *