মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান।
ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। তিনি মনে করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতির জন্যই প্রণীত।
বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ব্রেনান সম্প্রতি MSNBC-এর একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ব্রেনানের ভাষ্য অনুযায়ী, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের উসকানিমূলক মন্তব্য বিশ্বজুড়ে মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের আচরণ একজন প্রেসিডেন্টের জন্য অযোগ্যতার প্রমাণ বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্পকে নিয়ে ব্রেনান বলেন, “এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।”
তিনি আরও বলেন, ট্রাম্প এতটাই বড় ঝুঁকি যে তাকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়, কারণ তার হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রসহ বিশাল সামরিক ক্ষমতা রয়েছে।