জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাস্কর্যের পাদদেশে চলমান আমরণ অনশন ৭২ ঘণ্টা পর শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ পরিবারের সদস্যরা অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙতে অনুরোধ জানান। পরে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের পরিবারের সদস্যরা ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।
অনশনকারীদের পক্ষ থেকে জানানো হয়, সরকার বা বিরোধীদল কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো লিখিত আশ্বাস পাওয়া যায়নি। তবে বৃহত্তর আন্দোলনের আশ্বাসের ভিত্তিতেই তারা অনশন প্রত্যাহার করেন।
অনশন ভাঙার পরপরই কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়।
এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা সংহতি জানান।
এদের মধ্যে ছিলেন ঢাকা-১৪, ঢাকা-৪, ঢাকা-৫ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্যরা। পাশাপাশি মাওলানা মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, আবু সাদিক কায়েম এবং এস এম ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।