ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশের স্থিতিশীল ও উন্নয়নমুখী অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা তারেক রহমানের পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এসব আদর্শ আগামী দিনের পথচলায় দিকনির্দেশনা দেবে।
বার্তায় প্রফেসর ইউনূস আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণে সুসমন্বিত নেতৃত্ব প্রয়োজন। তিনি আশা করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তার ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল।
পরিশেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে তারেক রহমানের সফলতা কামনা করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সুত্রঃ বাসস