আলোচিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা।
দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, এবারের মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত একটি ‘চমকপ্রদ’ টিম। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে।
জ্যেষ্ঠ নেতাদের গুরুত্ব
দলীয় একাধিক সূত্রের দাবি, পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পররাষ্ট্র বা বাণিজ্য মন্ত্রণালয়ে আমীর খসরুর নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. জাহিদ, বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ে ড. মোশাররফ হোসেন এবং কৃষি মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম ঘুরছে দলীয় আলোচনায়।
সম্ভাব্য গুরুত্বপূর্ণ দায়িত্ব
জনপ্রশাসনে সালাহ উদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের নাম শোনা যাচ্ছে। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে—মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদেও দেখা যেতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। পাশাপাশি গৃহায়ন ও গণপূর্তে মির্জা আব্বাস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে গয়েশ্বর চন্দ্র রায় এবং তথ্য বা পরিকল্পনায় ড. আব্দুল মঈন খানের নাম আলোচনায় রয়েছে।
জোটসঙ্গীদের সম্ভাবনা
বিএনপি নেতৃত্বাধীন জোটের কয়েকজন নেতাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আলোচনায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি ও নুরুল হক নূর।
টেকনোক্র্যাট কোটায় আলোচনা
টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম আলোচনায় রয়েছে। এছাড়া শামসুজ্জামান দুদুসহ আরও কয়েকজনের নাম ঘুরছে দলীয় অভ্যন্তরে।
দলটির এক স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রিসভা গঠন নিয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত তালিকা এখনো নির্ধারিত হয়নি এবং বিষয়টি চেয়ারম্যানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
নতুন সরকারের শপথের আগে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর জল্পনা-কল্পনা। এখন দেখার বিষয়, চূড়ান্ত ঘোষণায় কতটা মিল থাকে আলোচিত তালিকার সঙ্গে।