লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার সকালে নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে এসে একটি লাইটার জাহাজে গম মজুত অবস্থায় পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে আটকে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য নদীবন্দর টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, পরিবহন খাতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে— কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার ঈদে যাত্রীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএর কর্মকর্তাসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।