ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি দায়িত্ব ও গোপনীয়তার শপথ নেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র অঙ্গনের তারকা ও হাজারো সমর্থকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।
শপথ গ্রহণের মুহূর্তে সমর্থকদের করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে ভেন্যু। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় সাদা শার্ট, ব্লেজার ও কালো ট্রাউজারে অনুষ্ঠানে হাজির হন। শপথ পাঠের সময় তাকে আত্মবিশ্বাসী ও আবেগাপ্লুত দেখা যায়।
দীর্ঘদিনের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তার নেতৃত্বে টিভিকে নির্বাচনে বড় সাফল্য অর্জন করায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটেছে।
শপথ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিকে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
বিজয়ের সমর্থকদের ভাষ্য, এটি শুধু সরকার পরিবর্তন নয়; বরং তামিলনাড়ুর রাজনীতিতে ‘থালাপতি’ যুগের সূচনা।
সূত্র: ইন্ডিয়া টুডে।