কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে প্রতিটি মেয়ের স্বপ্ন পূরণে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্রব্যবস্থা সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।”
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় পুনাকের সদস্যদের অভিনন্দন জানান।
তিনি বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে পুনাক ভবিষ্যৎ প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখাচ্ছে। বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নে এসব উদ্যোগ একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা জরুরি। এ ক্ষেত্রে প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বিপণন সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের স্বনির্ভরতা বাড়বে।
তার মতে, এতে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচনের পথ আরও সহজ হবে।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখলে কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব হবে। নারীরা পরিবার, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অন্যরা বক্তব্য দেন।
এসময় পুনাক সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর আশু রোগমুক্তি কামনা করেন ডা. জুবাইদা রহমান।