বলিউডের জনপ্রিয় অভিনেতা Sanjay Dutt আবারও আলোচনায় এসেছেন, তবে এবার কোনো চলচ্চিত্রের সাফল্যের জন্য নয়—বরং একটি গানের বিতর্ক ঘিরে। ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে অশালীনতা অভিযোগ উঠার পর তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) নারী কমিশনের তলবে সশরীরে হাজির হন এই ‘খলনায়ক’ খ্যাত অভিনেতা। আসন্ন সিনেমা KD: The Devil-এর হিন্দি সংস্করণের এই গানটি নিয়ে অভিযোগ ওঠে যে, এতে অশালীন শব্দ ও দৃশ্যায়ন রয়েছে। এ প্রেক্ষিতে কমিশনের সামনে হাজির হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন।
ক্ষমাপত্রে তিনি জানান, সমাজে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে বা কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। পাশাপাশি ভুল স্বীকার করে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘোষণা দেন তিনি। সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা। এছাড়া ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে একই ঘটনায় অভিযুক্ত আরেক বলিউড তারকা Nora Fatehi এদিন উপস্থিত ছিলেন না। দেশের বাইরে অবস্থান করায় তিনি হাজির হতে পারেননি বলে জানিয়েছেন এবং পরবর্তী শুনানির জন্য সময় চেয়েছেন।
এর আগে গত ৭ এপ্রিল মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় নির্মাতারা দাবি করেছিলেন, তারা গানের কথার নেতিবাচক দিকটি বুঝতে পারেননি। তবে কমিশন সেই যুক্তি গ্রহণ না করায় পরবর্তীতে তারা লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন এবং গানটির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।