লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে ইসলাম মার্কেট এলাকায় ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিকের তুলার গোডাউনে আগুন লাগে। গোডাউনটি মঞ্জুরুল হক মোরশেদের একতলা ভবনের খালি অংশে ছিল।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর ভবনের বাসিন্দারা দ্রুত বের হয়ে যান। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোডাউনে থাকা অধিকাংশ তুলা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিক বলেন, আগুনে তার সব তুলা পুড়ে গেছে এবং এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তিনি বুঝতে পারছেন না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লক্ষ্মীপুর স্টেশনের কর্মকর্তা রনজিন কুমার সাহা জানান, গোডাউনের তিন পাশেই আবাসিক ভবন থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আরও ক্ষতি হতে পারত।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।