প্রধানমন্ত্রী Tarique Rahman-এর পরিবারের আদলে তৈরি ভুয়া এআই ভিডিও ছড়িয়ে প্রতারণার ঘটনা শনাক্ত করেছে FactWatch।
ফ্যাক্টওয়াচ জানায়, ‘গরিবের-সহায়তা কেন্দ্র’ নামের একটি ফেসবুক পেজ থেকে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যার চেহারা-সদৃশ ভিডিও ব্যবহার করে বিভিন্ন স্ক্যাম ছড়ানো হচ্ছে। ভিডিওগুলোর ক্যাপশনে পেজ ফলো করলে ৫ হাজার থেকে ৯০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এসব পোস্টে প্রলুব্ধ হয়ে অনেকে কমেন্ট বক্সে নিজেদের বিকাশ নম্বরও দিচ্ছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দেড় লাখের বেশি ফলোয়ার থাকা পেজটি পর্যালোচনায় এটিকে মানুষকে বোকা বানানোর পরিকল্পিত প্রচেষ্টা বলে ধারণা পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওর সঙ্গে তারেক রহমানের পরিবারের কোনো সম্পর্ক নেই। তাই ভিডিওযুক্ত পোস্টগুলোকে বিকৃত ও ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টসহ দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
উল্লেখ্য, ফ্যাক্টওয়াচ লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং Center for Critical and Qualitative Studies (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পাওয়ায় ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব বিষয় যাচাই করে সত্য তথ্য প্রকাশ এবং গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
সুত্রঃ বাসস