রুদ্ধশ্বাস লড়াই আর শেষ মুহূর্তের নাটকীয়তা পেরিয়ে জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল।
বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের চতুর্থ মিনিটেই লি চি-শুয়ানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে সমতা ফেরায় দল।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণ বাড়িয়ে ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম, তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলামের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। এই সময়টায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ, যদিও আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি।
শেষ কোয়ার্টারে ম্যাচে যোগ হয় নাটকীয়তা। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমনের গোলে বাংলাদেশ ৪-১ ব্যবধানে এগিয়ে গেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় চায়নিজ তাইপে। একই মিনিটে একটি ফিল্ড গোল এবং মাত্র ১৪ সেকেন্ডের ব্যবধানে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৪-৩ করে তারা। তবে শেষ মুহূর্তে সতর্ক রক্ষণে জয় ধরে রাখে বাংলাদেশ।
চায়নিজ তাইপের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়। এর আগে তিন দেখাতেই জয় পেয়েছিল দলটি।
এই বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট নয়টি দল। শীর্ষ দলগুলো পাবে এশিয়ান গেমসে খেলার সুযোগ। আগামী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বাংলাদেশ এর আগে ১১ বার এশিয়ান গেমসে অংশ নিয়ে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জন করেছিল, যা তাদের সর্বোচ্চ সাফল্য। এবার সেই অর্জন ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছে দলটি।