ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি।
তার দাবি, ইরানের হামলা প্রতিহত করতে আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ পাঠিয়েছিল ইসরায়েল। এসব প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য দেশটিতে ইসরায়েলি সেনারাও প্রবেশ করেছিল।
মঙ্গলবার (১২ মে) এক অনুষ্ঠানে মাইক হুকাবি বলেন, “আমি সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করি। আব্রাহাম চুক্তির প্রথম সদস্য। দেখুন এই চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধাগুলো। ইসরায়েল তাদের এখানে আয়রন ডোম ব্যাটারি এবং সেগুলো চালানোর জন্য সেনা পাঠিয়েছে।”
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ইসরায়েল ও আমিরাতের সামরিক সম্পর্কের গভীরতার বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুকাবি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ ভবিষ্যতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে ২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছিল। তবে ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
সূত্র: আলজাজিরা