বেতন-ভাতা পরিশোধ ও চাকরির নিশ্চয়তার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে একটি গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাক শ্রমিক এই কর্মসূচি শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর তারা সেখান থেকে সরে গিয়ে সংশ্লিষ্ট কারখানার সামনে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই এবং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত বকেয়া পরিশোধ এবং চাকরির নিশ্চয়তা দাবি করেন তারা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলেও বিকল্প ব্যবস্থা নেওয়ার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান করছেন।