আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন লিটন দাস। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
অন্যদিকে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন মেহেদি হাসান মিরাজ। এ সংস্করণে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।
সভায় খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য পেনশন স্কিম চালুর লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের দক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বাড়াতে নতুন নীতিও অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বিসিবির উদ্যোগে দুটি নতুন অ্যাপ উদ্বোধন করা হয়েছে—ঘরোয়া ক্রিকেটারদের অ্যানালিটিক্যাল অ্যাপ এবং বিসিবি ক্লাউড সার্ভার অ্যাপ। এসব প্ল্যাটফর্মে খেলোয়াড়দের ভিডিও ফুটেজ ও বিশ্লেষণমূলক তথ্য দেখতে পারবেন কোচ, নির্বাচক ও বিশ্লেষকরা।
পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু এবং বিসিবি অ্যাওয়ার্ড নাইট পুনরায় আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।