রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একইসঙ্গে কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (১০ মে) সকালে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্য বহু পুলিশ সদস্য আত্মাহুতি দিয়েছেন। সেই স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। বর্ণিল প্যারেডের প্রশংসা করে তিনি বলেন, এটি শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের মধ্যে। বহু নির্যাতন-নিপীড়নের শিকার মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। আর জনগণের সেই নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।
চারদিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।