ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতি লেবাননে চলমান সামরিক অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রচেষ্টাকে তারা সমর্থন করেন, যার লক্ষ্য ইরানকে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি থেকে বিরত রাখা।
তবে তিনি স্পষ্ট করে দেন, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য হবে না এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবাননসহ সব এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পর ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। এরপর সংঘাত আরও বিস্তৃত হয়ে লেবাননকে কেন্দ্র করে তীব্র আকার ধারণ করে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে এবং একটি ‘বাফার জোন’ তৈরির লক্ষ্যে আরও এলাকা দখলের পরিকল্পনার কথাও জানিয়েছে।