ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্দেশ্যে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ছয়টিতে জয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা—এ এক অসাধারণ অর্জন।”
প্রধান উপদেষ্টা বলেন, “চব্বিশের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি আজও অম্লান। আপনার নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল সেই আন্দোলনকে লক্ষ্যাভিমুখী করেছে। আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতা জাগিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আপনাকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়া আমার জন্য এক মূল্যবান অভিজ্ঞতা ছিল। সেই সময়ে আপনার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।”
প্রফেসর ইউনূস বলেন, “গণতন্ত্র তখনই বিকশিত হয়, যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে, নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধন তৈরি হয়। আপনার দলের অল্প সময়ের এই সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের জনগণ বিশেষত তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষত তরুণদের স্বপ্ন তুলে ধরার ঐতিহাসিক সুযোগ পেয়েছেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। আজকের অর্জন আগামী দিনের বড় দায়িত্বের পূর্বাভাস বহন করছে। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ন রাখে।”
প্রধান উপদেষ্টা শেষবার্তায় নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গলের জন্য মহান আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করেন।