নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের সমস্যা সমাধান না করলে দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (আজ) দুপুরে জাতীয় প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং বিএনপি বিটের সাংবাদিকরা।
সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা পেশাজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।