বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যা ও হামলাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১০ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। তবে আরও পাঁচ মামলায় তার জামিনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার জানান, আপিল বিভাগের আদেশের ফলে বর্তমানে ১০ মামলায় আইভীর জামিন বহাল রয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হামলার অভিযোগে করা পাঁচ মামলায় গত বছরের নভেম্বরে হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন। বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করেন।
পরবর্তীতে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাকে জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানার হত্যা মামলা। এগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা। অপর মামলাটি সদর মডেল থানায় দায়ের করা হয়, যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। রোববার ওই ১০ মামলার শুনানি শেষে জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
এদিকে আরও দুই মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৩০ এপ্রিল ওই দুই মামলায়ও হাইকোর্ট তাকে জামিন দেন। সেই জামিনাদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
উল্লেখ্য, গত ৯ মে ভোর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়।