সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ৩৬ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই সম্পন্ন হয়। ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হবে, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে একই দিনে ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। তিনি জানান, আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশনে আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *