কুমিল্লার চৌদ্দগ্রাম-এ পূর্ববিরোধের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম পাইলট স্কুলের সামনে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় আমজাদের বাজার থেকে আমানগণ্ডা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
পরে থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৫ মার্চ শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে বিরোধের সূত্রপাত। পরবর্তীতে ১ এপ্রিল রাতে একই কারণে আবারও সংঘর্ষ হয়, তখনও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সেই ঘটনার জেরে শনিবার রাতে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় মহাসড়কে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাউসার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।