পূর্বঘোষণা অনুযায়ী ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) ইরানের স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ অবরোধ কার্যকর হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।
এর আগে মার্কিন বাহিনী জানায়, বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রেই এ অবরোধ প্রযোজ্য হবে। ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজকে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য করা কিংবা জব্দ করা হতে পারে বলেও সতর্ক করা হয়। তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এ অবরোধ প্রযোজ্য হবে না।
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X-এ দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী ওমান উপসাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন আরব সাগরে অবস্থানরত জাহাজগুলোর ওপর এ অবরোধ আরোপ করছে।
ঘোষণায় আরও বলা হয়, অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নচেৎ কোনো বন্দরই নিরাপদ থাকবে না।” তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সামুদ্রিক দস্যুতা’ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: দ্য গার্ডিয়ান