বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির পরও ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের দেশে আসন্ন ঈদ যাত্রায় এর কোনো প্রভাব পড়বে না।

মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। তিনি যোগ করেন, আমরা শান্তির পক্ষে আছি এবং আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।

সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, তার জন্য সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এজন্য সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এর আগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ভোট চাইতে গিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই শহরের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। তিনি জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন যাতে দায়িত্ব শতভাগ পালন করা যায়।

এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *