জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই

দেশের অভিনয় জগতের পরিচিত মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন শামস সুমন। পরবর্তীতে ছোট ও বড় পর্দায় সমানতালে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তার সাবলীল ও বাস্তবধর্মী অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ের চেয়ে এই দায়িত্বেই তাকে বেশি ব্যস্ত দেখা গেছে।

অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।

এই গুণী অভিনেতার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করছেন অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *